আন্দোলন ইস্যুতে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ

তুচ্ছ ইস্যু নিয়ে বিএনপি রাজনীতির মাঠ গরমের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
অন্যদিকে, একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর, জনগণের ক্ষমতা কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে আলাদা স্থানে এসব কথা বলেন তারা।
শুক্রবার সকালে নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময়, কোন ইস্যু না পেয়ে বিএনপি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাঠ গরমের অপচেষ্টায় রয়েছে অভিযোগ করে, দলটির ব্যর্থ আন্দোলন সম্পর্কে দেশের মানুষ অবগত বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কৃষক দলের সম্মেলনে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে, আওয়ামী সরকার দেশকে পৈত্রিক সম্পত্তিতে পরিণত করেছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময়, দলটিকে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন দেয়ারও আহ্বান জানান, ফখরুল।



