Uncategorized
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে একটি বিশেষ বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান তিনি।
বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে লোটে শেরিংকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ভুটানের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়, তাকে স্বাগত জানানো হয় ২১ বার তোপধ্বনি দিয়ে।
এরপর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয় ভুটানের প্রধানমন্ত্রীকে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান লোটে শেরিং। সেখানে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
এ সফরে বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।



