
ঘোষণা দিয়েও বাতিল করা হয়েছে বাংলাদেশ বিমানের বেশ কয়েকটি বিশেষ ফ্লাইট। অবতরণের অনুমতি না পাওয়ায় এবং যাত্রী কম থাকায় চালুর প্রথম দিনই ফ্লাইটগুলো বাতিল করা হয়। এদিকে, ফ্লাইট বাতিলের সংবাদে কর্মস্থলে ফেরা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীরা। এমন পরিস্থিতিতে ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতির শংকায় পড়েছেন তারা। তবে, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্প্রতি প্রবাসী শ্রমিকদের কর্মস্থলে ফিরতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত,ওমান, কাতার ও সিঙ্গাপুরে বিমানের বিশেষ ফ্লাইট চালুর ঘোষণা দেয় সরকার।
সরকার ঘোষিত বিশেষ ফ্লাইটে কর্মস্থলে ফিরে যেতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা বিমান বন্দরে উপস্থিত হতে থাকে। তবে বিমান বন্দরে এসে জানতে পারে বাতিল করা হয়েছে ফ্লাইট। এতে ক্ষোভ জানায় বিদেশগামী যাত্রীরা।
এ অবস্থায় ভোগান্তি ও আর্থিক ক্ষতির পাশাপাশি কর্মস্থলে ফেরা নিয়ে শঙ্কা জানান তারা। তবে সংকট নিরসনে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয় কতৃপক্ষ। প্রবাসী যাত্রীদের কর্মস্থলে ফেরাতে প্রয়োজনে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে বলেও জানায় কতৃপক্ষ।
বাংলাটিভি/শহীদ



