নিউইয়র্কে আইডার প্রভাব, মৃত্যু ৯

সামূদ্রিক ঘূর্ণিঝড় আইডার প্রভাবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবং নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই দুই শহরে রেকর্ড বৃষ্টিপাত এবং পানির ঢলে বন্যা দেখা দেয়ায় সেখানে বন্যার সৃষ্টি হয় এবং এতে করে এ পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।
বন্যায় বহু মানুষ তাদের বাড়ির বেজমেন্টে আটকে পড়েছে। ভেসে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে একজনের দেহ উদ্ধার করা হয়েছে।
নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও শহরটিতে এখন যেরকম ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এবং রাস্তায় যেরকম বিপদজনক অবস্থা তৈরি হয়েছে, একে এক ‘ঐতিহাসিক আবহাওয়া দুর্যোগ’ বলে বর্ণনা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা যাচ্ছে, সাবওয়ে স্টেশনগুলোতে পানি ঢুকে পড়েছে এবং লোকজনের বাড়িঘর, রাস্তাঘাট সব বন্যায় ভেসে গেছে।
এদিকে নিউ ইয়র্কের পার্শ্ববর্তী নিউ জার্সিতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সেখানে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। নিউ জার্সিতে ঘূর্ণিঝড়ে অন্তত নয়টি বাড়িও ধ্বংস হয়েছে।
নিউ জার্সিতে ডাক বিভাগের একটি ভবনের ছাদ ধসে পড়েছে। এসময় ভেতরে লোকজন ছিল বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে, তবে কত লোক আহত হয়েছে তা পরিস্কার নয়।
ঘূর্ণিঝড় আইডা গত রোববার লুইজিয়ানায় আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ধরে উত্তর দিকে অগ্রসর হচ্ছিল। এই ঘুর্ণিঝড়টি ছিল ক্যাটাগরি ৪ মাত্রার।
ঘূর্ণিঝড়ের আঘাতে লুইজিয়ানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে হাজার হাজার ঘরবাড়িতে এখনো কোন বিদ্যুৎ সংযোগ নেই। নিউ অরলিন্সে রাত্রিকালীন কারফিউ জারি রয়েছে।
বাংলাটিভি/ সাকিব



