
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিডনি বেচাকেনা চক্রের অন্যতম হোতাসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। গতকাল সোমবার দিবাগত রাতে ঢাকা ও জয়পুরহাট থেকে তাদের আটক করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান হোসেন এ তথ্য জানান।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানাবেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এদিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান হোসেন আরো জানান, ‘ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কিডনি কেনাবেচা করে আসছিল। এ ব্যাপারে আমাদের কাছে অভিযোগ আসে। তারপর র্যাব ঢাকা ও জয়পুরহাটে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ফেসবুক পেজের অ্যাডমিন মো. শাহরিয়ার ইমরানসহ পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব।’



