বাংলাদেশনির্বাচনসরকার

আগামীকাল অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

আগামীকাল অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন এদিন সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য করতে ভোটকেন্দ্রসহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

গতকাল সোমবার রাত ১২টা থেকে বন্ধ করা হয়েছে সব ধরনের প্রচারণা। খাদ্য ও চিকিৎসাসেবামূলক প্রতিষ্ঠান ছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে সব প্রতিষ্ঠান। শুরু হয়েছে কুসিকে ভোটের কাউন্টডাউন।

কুসিক নির্বাচনে এবার মেয়র পদে লড়ছেন পাঁচজন। নৌকা প্রতীক নিয়ে মাঠে আছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। বিএনপি থেকে বহিষ্কৃত ও কুসিকের সদ্য বিদায়ী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন দেয়াল ঘড়ি নিয়ে।

এ ছাড়া মেয়র পদে মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারের প্রতীক ঘোড়া। আরেক সতন্ত্র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম হাতপাখা ও কামরুল আহসান বাবুল হরিণ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রচারণার শেষ পর্যন্ত সরব ছিলেন।

গত ২৫ এপ্রিল সোমবার কুসিকের নির্বাচনী তফসিল ঘোষণা করেন। এতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৭ মে, মনোনয়ন বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে ধার্য করা হয়। এ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয় ২৭ মে।

গত ১৯ মে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী মেয়র পদে পাঁচ প্রার্থী ছাড়াও কাউন্সিলর পদে ১২০ জন, আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৮ জনকে মনোনয়নের বৈধতা ঘোষণা করেন।এই নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ১০৫টি ভোট কেন্দ্রে ৬৪০টি বুথে দুই লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে, কুসিক নির্বাচন ঘিরে মহানগরীতে জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা। নির্বাচন উপলক্ষ্যে খাদ্য ও চিকিৎসা সংশ্লিষ্ট দোকান (ফার্মেসি) ছাড়া সব ধরনের প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button