
সরকার প্রবাসীদের সহযোগিতার জন্য নিবেদিত রয়েছে। সঠিক কর্মসংস্থানের মাধ্যমে রেমিট্যান্স আয় বাড়াতে বিভিন্ন দেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক বৃদ্ধিতে কাজ করবে। এর জন্য দক্ষ কর্মী বাড়াতে সঠিক প্রশিক্ষণ দিতে পারলে বৈদেশিক আয় আরও বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
রোববার এফডিসিতে, ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত এ আর্ন্তজাতিক অভিবাসী দিবস-২০২৩ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার প্রবাসীদের সহযোগিতার জন্য নিবেদিত রয়েছে। অভিবাসী কর্মীদের প্রেরিত অর্থের ওপর প্রণোদনা ২.৫ শতাংশ থেকে বাড়ানোর বিষয়ে সরকার আন্তরিক। প্রবাসীদের যাতায়াতে বিমানবন্দরে সদাচরণ ও নিরাপত্তা প্রদানসহ তাদের মর্যাদা সমুন্নত রাখা উচিত বলে মনে করেন তিনি।
মন্ত্রী বলেন, প্রবাসী আয় বৃদ্ধির লক্ষ্যে কোন দেশে কি ধরণের কর্মী দরকার সে অনুযায়ী দক্ষ কর্মী প্রেরণের ওপর জোর দিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে কর্মী প্রেরণ করে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে আমরা রিক্রুটিং এজেন্সিগুলোর সঙ্গে খুব দ্রুত আলোচনায় বসবো।
তিনি বলেন, আমরা এখন ভিক্ষুকের জাতি নয়। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের পথে প্রবেশ করছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই এখন আমাদের লক্ষ্য। ৭১ এর মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের কর্মক্ষম ২৫ শতাংশ মানুষের কর্মসংস্থান হয় অভিবাসনের মাধ্যমে।
প্রতিযোগিতায় সরকারি বাঙলা কলেজের বিতার্কিকরা চ্যাম্পিয়ন ও প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
এএফ/বাংলা টিভি



