অপরাধদেশবাংলা

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে বিপুল অস্ত্রসহ ৩ আরসা সদস্য গ্রেফতার

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন লাল পাহাড়ে ‘আরসার আস্তানা’য় অভিযান চালিয়ে বিপুল আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীটির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ এ অভিযান চালায়।

অভিযানে আরসার কিলার ও শীর্ষ পর্যায়ের কমান্ডার শমসু উদ্দিন প্রকাশ ওরফে মগবাগী উসমান, আরসার মাইন তৈরীর কারিগর মো. নেছার ও আরসার সদস্য ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়।

এসময় ২২টি আগ্নেয়াস্ত্র, শতাধিক তাজা গুলি এবং ৪টি হাতে তৈরী হাত বোমা উদ্ধার করা হয়। মগবাগী উসমান ২০২০ সালে আরাকান আর্মিতে যোগদান করে এবং আরাকান আর্মির ক্যাম্প থেকে ১টি একে-৪৭ অস্ত্র চুরি করে পালিয়ে ২০২১ সালে আরসায় যোগদান করে। সে একে ৭৪, ৫ স্টার এবং একে-৪৭ অস্ত্র চালনায় পারদর্শী এবং আটককৃত নেছার মাইন তৈরীতে পারদর্শী।

আটক শমসু উদ্দিন প্রকাশ ওরফে মগবাগী উসমান রোহিঙ্গা আব্দুল্লাহ, কাশিমকে গুলি করে এবং মাঝি করিমুল্লাহ ও আতুকে জবাইসহ বহু হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত। ২০২২ সালের ১৪ নভেম্বর গোয়েন্দা সংস্থা ও র‌্যাবের সমন্বয়ে তুমব্রু কোনারপাড়ায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদী হত্যাকান্ডে শমসু উদ্দিন প্রকাশ ওরফে মগবাগী উসমান ওস্তাদ খালেদের নির্দেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং গুলি করে বলে স্বীকার করে।

এমএম/এএফ/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button