ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় ৪৮ ঘন্টায় নিহত ৫৬

গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় ত্রাণ বিতরণ কেন্দ্রে পাঁচটি পৃথক হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন ৫৬ জন ফিলিস্তিনি এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
এরই মধ্যে প্রায় ৬ মাস ধরে চলা ইসরাইলি বাহিনীর অভিযানে বিধ্বস্ত গাজা উপত্যকার উপকূলে এই প্রথম একটি ত্রাণবাহী জাহাজ পৌঁছেছে। গত ১২ই মার্চ ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ সাইপ্রাসের লারনাকা বন্দর থেকে রওনা হওয়া স্পেনীয় জাহাজ ‘ওপেন আর্মস’ শুক্রবার (১৫ই মার্চ) বিকেলে গাজার উপকূলের পৌঁছায়। গাজায় কোনো সমুদ্রবন্দর না থাকায় উপকূল থেকে দূরেই নোঙ্গর করতে হয়েছে ২০০ টন খাদ্যপণ্যবাহী জাহাজটিকে। ।
তবে স্বেচ্ছাসেবকদের উদ্যোগে গাজায় শেখ আজলিন এলাকায় একটি অস্থায়ী জেটি নির্মাণ করা হয়েছে। জাহাজ থেকে ত্রাণপণ্য খালাসের পর নৌকার মাধ্যমে সেগুলো জেটিতে নিয়ে আসা হয়। স্পেনের দাতব্য সংস্থা ওপেন আর্মস, যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এবং সংযুক্ত আরব আমিরাতের যৌথ উদ্যোগ ও অর্থায়নে পাঠানো হয়েছে এসব খাদ্যপণ্য।
বাংলা টিভি/ রাজ



