ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক বিভাগকে একগুচ্ছ নির্দেশনা মন্ত্রীর

ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে সাতদিন ও পরের তিন দিন দেশের সব সড়কে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ঘরে ফেরা মানুষের ভোগান্তি লাঘবে, আগে থেকেই খারাপ রাস্তা মেরামত করতে হবে। সকালে বিআরটিএ’র সদর দফতরে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে, প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন সেতুমন্ত্রী।
সকালে রাজধানীর বনানীতে বিআরটিএ’র সদর দফতরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে, প্রস্তুতিমূলক সভার আয়োজন করে সড়ক বিভাগ। এতে যোগ দেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দীর্ঘ ২ ঘন্টার সভা শেষে আসন্ন ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা স্বাচ্ছন্দ্য ও নিরাপদ করতে সকলকে নির্দেশ দেন সেতুমন্ত্রী। জানান, যানজট নিরসনে সব রাস্তার সব কাজ বন্ধ থাকবে।
এসময়,সড়ক দুর্ঘটনা ঠেকাতে হাইওয়ে পুলিশের পাশাপাশি, বিআরটি এর সক্ষমতা বাড়ানোর তাগিদ ও দেন তিনি।
ঈদুল ফিতরের আগে ও পরে মোট ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।
বাংলা টিভি / বুলবুল



