বাংলাদেশ

ট্রেন যাত্রায় স্বস্তিতে যাত্রীরা, বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ

প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঈদ যাত্রার আজ তৃতীয় দিনে কমলাপুর রেলওয়ে স্টেশন ও যাত্রাবাড়ী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কিছুটা বেড়েছে। রেলপথে ঈদযাত্রা উৎসবমুখর হলেও,বাড়তি ভাড়া আদায় আর যানজটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে সড়কপথে। ঈদযাত্রা আরো নির্বিঘ্ন করতে, ঢাকা থেকে স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়েছে বলে জানান, রেল কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির।

ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। ঈদযাত্রার তৃতীয় দিন শুক্রবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে, গত দুই দিনের তুলনায় ঘরমুখো মানুষের ভিড় কিছুটা বেড়েছে। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে, নিজ গন্তব্যে রওনা করেছেন অনেকে।

এবারের ঈদযাত্রা আরো নির্বিঘ্ন করতে, যাত্রী সেবায় বিশেষ ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। তাই ঈদযাত্রার তৃতীয় দিনে সব ট্রেনই সময়মতো ছেড়ে যাওয়ায় আনন্দিত যাত্রীরা।

রেল কর্তৃপক্ষ বলছে,যাত্রী ভোগান্তি কমাতে অনলাইনে টিকিটের পাশাপাশি কাউন্টার গুলোতেও টিকেট বিক্রির ব্যবস্থা নেয়া হয়েছে।

রেলপথে স্বস্তি ফিরলেও উল্টো চিত্র সড়ক পথে। যাত্রাবাড়ী বাস টার্মিনালে বিভিন্ন বাস যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়,আর সময় মত গাড়ি না ছাড়ায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা।

তবে,আগামী দুই একদিনের মধ্যেই যাত্রীর চাপ বেড়ে যাবে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button