আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

ইসরাইলে ‘কাতিউশা’ রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ

ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শুক্রবার কয়েক ডজন ‘কাতিউশা’ রকেট ছুড়েছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। রাতে এ হামলা চালানো হয়। ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাতের মধ্যে এটি ছিল ইসরাইলে হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলাগুলোর একটি।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে উত্তর ইসরাইল ও অধিকৃত গোলান মালভূমিতে ‘শত্রুপক্ষের কামানের বিভিন্ন স্থাপনায়’ এ হামলা চালানো হয়েছে। হামলার পর উপদ্রুত এলাকাগুলোতে সাইরেন বাজতে শোনা যায়। এ সময় তৎপর হয়ে ওঠে ইসরাইলের  আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের ভূখণ্ড থেকে ৪০টি রকেট ছোড়া হয়েছে বলে শনাক্ত করা গেছে। সেগুলোর বেশির ভাগ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। বাকিগুলো খোলা জায়গায় পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই সময়টাতে লেবানন-ইসরাইল সীমান্তে প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির চুক্তি হলেই কেবল হামলা থামাবে তারা।

হিজবুল্লাহ এমন সময়ে এ হামলা চালাল, যখন দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরাইলের হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে তেহরান।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button