
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, সক্রিয় ও কার্যকর, এবং তা বাস্তবায়ন করবে সংসদ। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোট বাতিল হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। জুলাই সনদ কীভাবে কার্যকর হবে, তা নিজেই স্পষ্টভাবে নির্দেশ করে।
শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, তেলের মূল্যবৃদ্ধি করা হয়নি, তবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল ও নদী দখলমুক্ত করা ছাড়া দেশকে বাঁচানো সম্ভব নয়। এছাড়া প্রধানমন্ত্রী ১৮–২০ এপ্রিল ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।



