হাসপাতালের ভেতরেই নারী রোগীকে টেনে নিয়ে ধর্ষণ করল দালাল!

ভোলা প্রতিনিধি: ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একটি ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনা ঘটেছে। হাসপাতালের ভেতরেই এক নারী রোগীকে টেনে নিয়ে ধর্ষণ করে এক দালাল। এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী নিজেই।
ভুক্তভোগী ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি জানান, ঘটনার সময় তিনি পানি আনতে ওয়ার্ডের বাইরে বের হলে অভিযুক্ত দালাল তার পথ আগলে দাঁড়ায়। ভালো ডাক্তার দেখানো এবং উন্নত চিকিৎসার কথা বলে কৌশলে তাকে হাসপাতালের তৃতীয় তলার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ওই অংশটি সাধারণত রোগীশূন্য এবং নীরব থাকে। সেখানে নিয়ে ওই নারীকে কেবিন নিতে বলে জোর-জবরদস্তি শুরু করে এবং একপর্যায়ে তাকে ধর্ষণ করে।
ঘটনার পরপরই ভুক্তভোগী নারী দৌড়ে নিচে নেমে আসেন এবং চিৎকার করে উপস্থিত লোকজনকে বিষয়টি জানান। তার চিৎকারে লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে হাতেনাতে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, নারীর চিৎকার শুনে তারা স্তম্ভিত হয়ে যান এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তে ঘটনার আলামত পাওয়া গেছে।
আটকের পর অভিযুক্ত ব্যক্তি উপস্থিত জনতার সামনে নিজের অপরাধ স্বীকার করেছেন। তবে অদ্ভুত অজুহাত দিয়ে তিনি বলেন, এর আগে তিনি কখনও এমন কাজ করেননি এবং কেন এমনটি করে ফেলেছেন তা তিনি নিজেও বুঝতে পারছেন না। অপরাধবোধ নয়, বরং দায় এড়ানোর ভঙ্গিতে তিনি বলেন, এখন আমাকে মেরে ফেললেও কিছু করার নেই।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হাসপাতালের মতো একটি নিরাপদ আশ্রয়ে এমন জঘন্য অপরাধের ঘটনায় রোগী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। তারা বলছেন, হাসপাতালের ভেতরে দালালদের দৌরাত্ম্য এবং নিরাপত্তাহীনতাই এমন ন্যাক্কারজনক ঘটনার পথ প্রশস্ত করেছে।



