রাজনীতি

সাবেক যুবদল নেতাকে কুপিয়ে জখম, হাতের কব্জি বিচ্ছিন্ন

বাংলা টিভি ডেস্ক: চুয়াডাঙ্গা পৌর এলাকায় সাবেক যুবদল নেতা জাহিন শেখের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া দুই পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত গুরুতর জখম হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত জাহিন শেখ (৪০) চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের বাসিন্দা এবং তিনি জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হোমিওপ্যাথি কলেজ এলাকার কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, ধারালো অস্ত্রের আঘাতে জাহিন শেখের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত হয়েছে। তার বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি দুই পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত মারাত্মক আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button