রাজনীতি

এমপি মাসউদের জন্য মাঝ নদী থেকে ঘাটে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ

বাংলা টিভি ডেস্ক: নোয়াখালীর চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌপথে যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া একটি ফেরিকে মাঝনদী থেকে আবার ঘাটে ফিরিয়ে আনার ঘটনায় যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে বহনের জন্যই ফেরিটি ফিরিয়ে আনা হয়।

শনিবার (১১ জুলাই) বিকেলে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরার উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি ‘মহানন্দা’কে কিছু দূর যাওয়ার পর আবার ঘাটে ফিরিয়ে আনা হয়। বৈরী আবহাওয়ার মধ্যেই এ ঘটনায় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম জানান, ফেরি ছাড়ার কিছু সময় পর সংসদ সদস্যের আগমনের খবর পেয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশে ফেরিটি ঘাটে ফিরিয়ে আনা হয়। তার ভাষ্য অনুযায়ী, বিষয়টি ফেরি পরিচালনা কর্তৃপক্ষের নির্দেশেই করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের দাবি, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় ফেরিটি যাত্রী ও পণ্যবাহী যানবাহন নিয়ে যাত্রা শুরু করে। প্রায় ২০ মিনিট পর সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ চেয়ারম্যান ঘাটে পৌঁছালে ফেরিটি মাঝপথ থেকে ফিরিয়ে আনা হয়। পরে তিনি ও তার সফরসঙ্গীরা ফেরিতে ওঠার পর পুনরায় নলচিরার উদ্দেশে যাত্রা শুরু করে।

অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, সরকারি দায়িত্ব পালনের প্রয়োজনে তার জরুরিভাবে হাতিয়ায় যাওয়া প্রয়োজন ছিল। তার দাবি, ফেরিটি খুব বেশি দূরে যায়নি এবং বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

ঘাট ইজারাদারের প্রতিনিধি মো. জহির উদ্দিন জানান, ফেরি ছাড়ার সময় নিয়ে কিছু বিভ্রান্তি থাকলেও ছাড়ার প্রায় ২০ মিনিট পর ফেরিটি সংসদ সদস্যকে নেওয়ার জন্য ঘাটে ফিরিয়ে আনা হয়। হাতিয়া রুটে ফেরি চালু হওয়ার পর এ ধরনের ঘটনা এটিই প্রথম বলে তিনি উল্লেখ করেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যাত্রী জানান, বৈরী আবহাওয়ার মধ্যে নদী পারাপারের সময় হঠাৎ ফেরি ঘুরে যাওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ঘাটে এসে জানতে পারেন, একজন জনপ্রতিনিধিকে বহনের জন্য ফেরিটি ফিরিয়ে আনা হয়েছে। তাদের মতে, এতে সাধারণ যাত্রীরা অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার হয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button