রাজনীতি

ভুলে ‘জয় বাংলা’ বলার ব্যাখ্যা দিলেন এনসিপি নেতা

বাংলা টিভি ডেস্ক: গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় ভুলবশত ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করায় দুঃখ প্রকাশ করেছেন উপজেলা শাখার আহ্বায়ক মো. শফিজল ইসলাম। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরেন।

লিখিত বক্তব্যে শফিজল ইসলাম বলেন, ১৬ জুলাই সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ পথযাত্রা ও পথসভা’ কর্মসূচিতে বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ‘জয় হোক জামালপুর ইউনিয়নবাসীর, জয় হোক সাদুল্লাপুরবাসীর’ বলতে গিয়ে অসাবধানতাবশত ‘জয় বাংলা’ বলে ফেলেন।

তিনি দাবি করেন, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে মুখ ফসকে উচ্চারিত হয়েছে এবং এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। এ ঘটনায় তিনি গভীর দুঃখ প্রকাশ করে সাদুল্লাপুরবাসী, দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবার কাছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জীবনের কোনো সময়ই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বক্তব্যের শেষে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ’ স্লোগান দেন।

এদিকে, ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে এনসিপির গাইবান্ধা জেলা কমিটি শফিজল ইসলামকে শোকজ করেছে। শুক্রবার জেলা আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি স্বাক্ষরিত এক নোটিশে তার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।

দলীয় সূত্র জানায়, শফিজল ইসলাম এবং জেলা আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি অতীতে জাসদের যুবজোটের উপজেলা পর্যায়ের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শফিজল ইসলাম পেশায় একজন মাংস ব্যবসায়ী এবং সাদুল্লাপুর উপজেলার ৪ নম্বর জামালপুর ইউনিয়নের বাসিন্দা।

সংশ্লিষ্ট খবর

Back to top button