এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না: হাসনাত আব্দুল্লাহ

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই জনগণের কাছে এসেছে এনসিপি। তার ভাষ্য, নতুন রাষ্ট্রব্যবস্থায় কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবে এবং ফ্যাসিবাদের কোনো স্থান থাকবে না।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বাগেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা এনসিপি আয়োজিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল হিসেবে জনগণের সহযোগিতা চায়। তিনি স্বীকার করেন, নতুন দল হিসেবে ভুল হতে পারে এবং সেসব ভুল ধরিয়ে দিতে জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে সংসদে এনসিপির ছয়জন সদস্য জনগণের দাবি তুলে ধরছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার লক্ষ্য রয়েছে তাদের।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও দলটি তা বাস্তবায়ন করেনি। তার দাবি, জনগণের গণভোটের রায়কে সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ কার্যকর করতে হবে। পাশাপাশি তিনি মন্তব্য করেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ পরিবারকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এবং তারা আর নেতৃত্বে ফিরতে পারবে না।
পথসভায় হাসনাত আব্দুল্লাহ চিতলমারী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপি-সমর্থিত প্রার্থী ইসতিয়াক হোসেন জামিকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং আসন্ন উপজেলা নির্বাচনে তার পক্ষে সমর্থন কামনা করেন। একই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এনসিপিতে যোগ দেওয়া নেতাকর্মীদেরও আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
এনসিপির চিতলমারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা। পরে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একটি পদযাত্রা চিতলমারী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



