রাজনীতি

শিক্ষার্থীকে মারধর, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

বাংলা টিভি ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের খাবারের মান নিয়ে অভিযোগ করার জেরে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত দুই শিক্ষার্থীকে চার সেমিস্টারের জন্য বহিষ্কারের পাশাপাশি দুই বছর ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক জহির বিন আলম।

বহিষ্কৃতরা হলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক হাসিবুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক তারেক রহমান। তারা দুজনই শাহপরাণ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, তদন্ত ও শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই বছর পর তারা নিয়মিত শিক্ষার্থী হিসেবে একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারলেও আবাসিক হলে থাকার সুযোগ পাবেন না।

এদিকে ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত রোববার ছাত্রদলও তাদের দলীয় পদ থেকে বহিষ্কার করে।

অধ্যাপক জহির বিন আলম আরও জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।

উল্লেখ্য, গত শনিবার রাতে হলের ক্যান্টিনের খাবারের মান নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযোগ করার পর শাহপরাণ হলের আবাসিক শিক্ষার্থী ও সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাইরুল খন্দকারকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মারধরের অভিযোগ ওঠে। পরে আহত অবস্থায় তাকে সিলেট নগরীর একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button