‘তারেক রহমানের পাঙখা গজাইছে, সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে’

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে ‘লাল কার্ড’ দেখানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল ও যুবদলকে লক্ষ্য করে বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেন তিনি।
বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার যেমন কৃষি কার্ড, ধর্ম কার্ড ও প্রবাসী কার্ড চালু করেছে, তেমনি এনসিপিও প্রতীকীভাবে কয়েক ধরনের ‘কার্ড’ চালুর পরিকল্পনা করছে। তার ভাষ্য অনুযায়ী, বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’, ছাত্রদলকে ‘চাঁদাবাজি কার্ড’ এবং যুবদলকে ‘দখলবাজি কার্ড’ দেওয়া হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য একটি ‘লাল কার্ড’ প্রস্তুত করা হবে বলেও তিনি মন্তব্য করেন।
বক্তব্যে তিনি নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতি ও সংস্কার বাস্তবায়নের বিষয়েও সরকারের সমালোচনা করেন। তার দাবি, নির্বাচনের আগে সংস্কারের অঙ্গীকার করা হলেও পরে সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে যথাযথ উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি সতর্ক করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণ না হলে রাজনৈতিকভাবে এর পরিণতি ভোগ করতে হতে পারে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আরও বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, সরকার দেশের স্বার্থবিরোধী শক্তির সঙ্গে সমঝোতা করেছে এবং আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথ বেছে নিয়েছে। এসব বক্তব্যে তিনি সরকারের কঠোর সমালোচনা করেন এবং রাজনৈতিক অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানান।
পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন এমপি, যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ এমপিসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।



