‘মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবেন’

বাংলা টিভি ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির সাম্প্রতিক বিক্ষোভ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ভারতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে একসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও দেশ ছাড়তে হতে পারে। একই সঙ্গে ব্যঙ্গ করে তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে হয়তো মোদিকেও সঙ্গে নিয়েই ফিরবেন।
বুধবার (২২ জুলাই) রাতে বাগেরহাটের মোংলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, দেশে এখনো ‘হাসিনা কাঠামো’ বহাল রয়েছে। তিনি আরও দাবি করেন, গুম কমিশন গঠনের সুপারিশ করা হলেও অতীতে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হওয়া একটি রাজনৈতিক দল এখন সেই কমিশনের বিরোধিতা করছে।
এ সময় তিনি আরও অভিযোগ করেন, তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তনের পরও মোংলায় শেখ হাসিনা সরকারের সময়ের মতো গুমের ঘটনা ঘটেছে, যা ভবিষ্যতে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’ হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেন।
পথসভা শেষে আসন্ন মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহর নাম ঘোষণা করেন হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



