দেশের মানুষ তারেক রহমানকে ‘লাল কার্ড’ দেখাবে: সারজিস আলম

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণভোট ও জুলাই সনদের প্রতিশ্রুতি থেকে সরে এলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মানুষ ‘লাল কার্ড’ দেখাবে। তিনি দাবি করেন, এসব বিষয়ে বিশ্বাসঘাতকতা করলে ভবিষ্যতে জনগণ বিএনপিকে ‘গাদ্দার’ হিসেবে আখ্যায়িত করবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বর্তমানে বিভিন্ন ধরনের কার্ডের রাজনীতি শুরু হয়েছে। তারেক রহমান পরিবার কার্ড, কৃষক কার্ড এবং সর্বশেষ ইউনিভার্সাল কার্ডের কথা বলেছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, সেই কার্ডের মধ্যে চাঁদাবাজি, দখলদারিত্ব কিংবা থানা দখলের মতো কর্মকাণ্ডেরও কোনো স্থান থাকবে কি না। তার ভাষ্য, যদি বিএনপি, যুবদল বা ছাত্রদলের মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে জনগণই বিএনপিকে প্রত্যাখ্যান করবে।
তারেক রহমানকে উদ্দেশ করে তিনি আরও বলেন, মানুষ তার ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে নয়, বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ধানের শীষ প্রতীকের প্রতি আস্থার ভিত্তিতে বিএনপিকে ভোট দিয়েছে। তিনি দাবি করেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া গণভোটের রায় বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। সেই ধারাবাহিকতা থেকে সরে গেলে জনগণ তা মেনে নেবে না।
স্বাস্থ্যসেবার সমালোচনা করে সারজিস আলম বলেন, অনেক জেলা সদর হাসপাতালে চিকিৎসক, নার্স, ওষুধ ও ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। তার অভিযোগ, হাসপাতালগুলোর বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি এসব প্রতিষ্ঠানের সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভূমি অফিসকে চাঁদাবাজির কেন্দ্র কিংবা থানাকে ক্ষমতার অপব্যবহারের জায়গায় পরিণত করা যাবে না। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। তাই কোনো রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে দায়িত্ব পালনের পরিবর্তে ন্যায়নীতি ও বিবেকের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে এনসিপির জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ শামিম সভাপতিত্ব করেন। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জেলা সদস্য সচিব ডা. মোশাররফ হোসেনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। এর আগে বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে শুরু হওয়া পদযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারী মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।



