রাজনীতি

ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করলেন জামায়াত নেতা

বাংলা টিভি ডেস্ক: পটুয়াখালীর মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান কিয়াম গাজী দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি জামায়াতের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও নিজেকে প্রত্যাহার করার কথা জানিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের কথা প্রকাশ করেন।

স্ট্যাটাসে খলিলুর রহমান উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে ব্যক্তিগত সিদ্ধান্তে তিনি সংগঠনের রাজনীতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, সবসময় ন্যায়, ইনসাফ ও নৈতিক মূল্যবোধের পক্ষে থাকার চেষ্টা করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের কয়েকজন সংসদ সদস্য ও উচ্চপর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যভিচার, দুর্নীতি, লুটপাটসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রকাশ্যে এসেছে, যা তার ব্যক্তিগত আদর্শ ও নৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

খলিলুর রহমান আরও বলেন, তার বক্তব্যে ‘ইসলাম’ শব্দটি ব্যবহার না করার কারণ হলো, কোনো ব্যক্তি বা সংগঠনের নামের সঙ্গে ইসলাম যুক্ত থাকলেই তা ইসলামের আদর্শের প্রতিনিধিত্ব করে না। বরং একটি ব্যক্তি বা সংগঠনের প্রকৃত পরিচয় নির্ভর করে তার কাজ ও চরিত্রের ওপর।

নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা উল্লেখ করে তিনি বলেন, তার কোনো কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button