অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না: শফিকুর রহমান

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কোনো ভুল-ত্রুটির ঊর্ধ্বে থাকা সংগঠন নয় উল্লেখ করে দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তারাও মানুষ এবং তাদের ভুল হতে পারে। তবে অন্যায় ও জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের পক্ষ থেকে আগেই স্পষ্ট করা হয়েছে যে, অন্যায়ের সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই। তবে এর অর্থ এই নয় যে দলের কোনো সদস্যের দ্বারা ভুল, অপরাধ বা অনিয়ম ঘটতে পারে না।
তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে যারা জামায়াতের কোনো ভুল বা অপরাধ দেখতে পাবেন, তারা যেন তা তুলে ধরেন। অভিযোগ প্রমাণিত হলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
দলের নেতাকর্মীদের সতর্ক করে জামায়াত আমির বলেন, যারা জনগণের আস্থা অর্জন করেছেন, তাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। নৈতিকতার বিষয়ে জামায়াতে ইসলামীর কোনো ছাড় নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কোনো ভুল যদি সংশোধনযোগ্য পর্যায়ে থাকে, তাহলে সংশোধনের সুযোগ দেওয়া হতে পারে। তবে গুরুতর অনিয়ম বা অপরাধের ক্ষেত্রে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।



