শফিকুর-নাহিদ-মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য: কর্নেল অলি

বাংলা টিভি ডেস্ক: লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম এবং খেলাফত মজলিসের আমির মামুনুল হক একসঙ্গে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করলে সরকারের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে।
শনিবার (২৫ জুলাই) ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অলি আহমদের দাবি, এই তিন নেতা একজোট হলে অল্প সময়ের মধ্যেই ঢাকায় ২০ থেকে ৩০ লাখ মানুষের সমাবেশ করার সক্ষমতা রয়েছে। পাশাপাশি টঙ্গী, সায়েদাবাদ ও মিরপুরসহ গুরুত্বপূর্ণ সড়কে কর্মসূচি পালন করাও তাদের পক্ষে সম্ভব বলে তিনি মন্তব্য করেন। তিনি সরকারের প্রতি দেশের মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, একজন ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের দায়িত্ব পালন না করার প্রস্তাব ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি তারেক রহমানকে দলীয় প্রধানের পরিবর্তে দেশের সব মানুষের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
কর্নেল অলি আরও বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে ভবিষ্যতে সরকারবিরোধী আরও কঠোর আন্দোলনের দাবি জোরালো হতে পারে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।



