রাজনীতি

নিয়োগ পরীক্ষা চলাকালে ভিডিও ধারণকে কেন্দ্র করে ছাত্রদলের ২ নেতার মারামারি

বাংলা টিভি ডেস্ক: পটুয়াখালীর বাউফলে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার পদে অস্থায়ী নিয়োগ পরীক্ষা চলাকালে ভিডিও ধারণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একই দিন সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার পদে অস্থায়ী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কয়েকজন পরীক্ষার্থী একে অপরের খাতা দেখে উত্তর লিখছেন—এমন অভিযোগে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ হলরুমের বাইরে থেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।

পরীক্ষা শেষে এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আব্দুল্লাহ আল ফাহাদ ও পৌর ছাত্রদলের সাবেক সদস্যসচিব সাদিকুজ্জামান রাকিবের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

আব্দুল্লাহ আল ফাহাদের দাবি, তিনি পরীক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে হলে গিয়েছিলেন এবং পরীক্ষা শুরুর আগেই বের হয়ে আসেন। পরে বাইরে থেকে কিছু পরীক্ষার্থীকে খাতা দেখে উত্তর লিখতে দেখে তিনি ভিডিও ধারণ করেন। তার অভিযোগ, এ কারণে ক্ষুব্ধ হয়ে সাদিকুজ্জামান রাকিব তার ওপর হামলা করেন।

তবে অভিযোগ অস্বীকার করে সাদিকুজ্জামান রাকিব বলেন, পরীক্ষা চলাকালে ভিডিও ধারণের কারণে পরীক্ষার্থীরা সমস্যায় পড়েন এবং এতে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তিনি মনে করেন। বিষয়টি জানতে চাইলে ফাহাদ তার ওপর চড়াও হন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে ছাত্রদলের দুই নেতার মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button