‘পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না’

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন, যারা একবার দেশ ছেড়ে গেছেন তারা ফিরে আসার বার্তা দিয়ে নেতাকর্মীদের ঝুঁকির মধ্যে ফেলছেন।
সোমবার (২৭ জুলাই) রাতে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বিদেশ থেকে ফিরে আসার বার্তা দিয়ে নেতাকর্মীদের মাঠে নামানো হচ্ছে, যার ফলে তারা হামলা বা গণপিটুনির মতো ঘটনার শিকার হতে পারেন বলেও তিনি দাবি করেন।
বক্তব্যে তিনি শিক্ষামন্ত্রীরও সমালোচনা করেন। তার অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতার দায় শিক্ষকদের ওপর চাপিয়ে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। পাশাপাশি অতীতের দুর্নীতি এবং পরিবারের সম্পদ নিয়ে প্রশ্ন তুলে সরকারের বিভিন্ন পদক্ষেপেরও সমালোচনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়েও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি দাবি করেন, মন্ত্রীর সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের মতো দখলভিত্তিক রাজনীতি করার চেষ্টা করার অভিযোগও তোলেন তিনি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, দেশের মানুষ রাজনৈতিক সংস্কারের প্রত্যাশা করলেও নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপি ও তাদের মিত্ররা সেই অবস্থান থেকে সরে এসেছে। ঐকমত্য কমিশনের আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
আখতার হোসেন আরও দাবি করেন, দেশের অধিকাংশ মানুষ গণভোটের পক্ষে রয়েছে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, দখলদারিত্বের রাজনীতি দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য হবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ) ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার এবং কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমাদ।
এর আগে চুয়াডাঙ্গায় পদযাত্রা শেষে সন্ধ্যায় এনসিপির নেতাকর্মীরা মেহেরপুরের গাংনীতে পৌঁছান। সমাবেশ শেষে তারা পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন।



