আলিফের চোখের দৃষ্টি টোটালি শেষ, চিকিৎসকের বরাতে সার্জিস

বাংলা টিভি ডেস্ক: হবিগঞ্জে হামলায় আহত এনসিপির কর্মী আলিফের একটি চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম।
বুধবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে সারজিস আলম দাবি করেন, মঙ্গলবার ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ১৮ বছর বয়সী আলিফ গুরুতর আহত হন। তার অভিযোগ, হামলার সময় আলিফের চোখে রড দিয়ে আঘাত করা হয়। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে হাসপাতালের প্রবেশপথেও হামলার ঘটনা ঘটে।
সারজিসের ভাষ্য অনুযায়ী, হামলায় আলিফের চোখ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল এবং তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, আলিফের একটি চোখের দৃষ্টি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে এ ঘটনায় অভিযুক্ত পক্ষের বক্তব্য বা হামলার বিষয়ে স্বাধীনভাবে যাচাইকৃত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



