রাজনীতি

জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নিজেদের বলে দাবি করার চেষ্টা কখনো করেনি জামায়াতে ইসলামী। একইভাবে আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দলটির কোনো নেতাকেও উপস্থাপন করা হয়নি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্বজন ও আহত আন্দোলনকারীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আন্দোলনে জামায়াতের কতজন কর্মী বা সমর্থক প্রাণ হারিয়েছেন, তা নিয়েও দল কখনো রাজনৈতিক কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেনি। এ বিষয়ে জনগণই প্রকৃত মূল্যায়ন করবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের পাশে ছিল এবং দেশের বিভিন্ন সংকটে দলটি ধারাবাহিকভাবে রাজপথে সক্রিয় থেকেছে। আন্দোলনে আহতদের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, গুরুতর আহত হওয়ার পরও অনেকেই আন্দোলনের লক্ষ্য থেকে সরে আসেননি।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলনের শহীদদের যে প্রত্যাশা ছিল, তা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। বরং তাদের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বৈষম্য দূর করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করলেও বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ বেড়েছে। প্রশাসনের এই প্রবণতাকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারও আগের সরকারের মতো একই ধরনের বৈষম্যমূলক নীতির পথে হাঁটছে।

গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এ বিষয়ে আপস করার জন্য বিভিন্ন মহল থেকে নানা প্রস্তাব ও প্রলোভন দেওয়া হয়েছিল। তবে জামায়াতে ইসলামী সেগুলো প্রত্যাখ্যান করেছে। জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথ—উভয় ক্ষেত্রেই দলটির কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, জনগণের মতামতের প্রতি সম্মান দেখিয়ে গণরায় বাস্তবায়ন করা উচিত। অন্যথায় তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল হবে।

বক্তব্যের শেষদিকে তিনি অভিযোগ করেন, সরকারের কর্মকাণ্ডের সমালোচনা এবং জনগণের অধিকার নিয়ে কথা বলায় দেশের বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। তবে এসব হামলা বা চাপ আন্দোলনের লক্ষ্য থেকে কাউকে সরাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button