রাজনীতি

জুলাই ঘিরে ছাত্রদল, জামায়াত ও এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলা টিভি ডেস্ক: আজ (১ জুলাই) থেকে শুরু হয়েছে ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাস। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ধীরে ধীরে সরকারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেওয়া সেই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে মাসজুড়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। পরে তা বিস্তৃত হয়ে সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। দীর্ঘ আন্দোলন ও সংঘাতের পর ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। সেই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (১ জুলাই) থেকে দেশজুড়ে বিভিন্ন দল ও সংগঠন মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে।

ছাত্রদলের কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য’ গড়ে তোলা এবং জুলাইয়ের শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির সূচনা হয় ১ জুলাইয়ের প্রথম প্রহরে (৩০ জুন দিবাগত রাতে) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক আয়োজনে। এতে মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

জামায়াতের কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে—২ থেকে ৯ জুলাই রাজধানীতে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময় এবং স্মৃতিচারণ; ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকার দুই মহানগরে পৃথক আলোচনা সভা; ১৮ থেকে ৩১ জুলাই দেশব্যাপী মতবিনিময় ও দোয়া কর্মসূচি; ১ আগস্ট জেলা ও মহানগরে গণমিছিল; ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের কর্মসূচি; এবং ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ১১ দলের উদ্যোগে সমাবেশ ও মিছিল।

দলটির পক্ষ থেকে জানানো হয়, মহিলা বিভাগ ও ছাত্রসংগঠনও পৃথকভাবে কর্মসূচি পালন করবে। পাশাপাশি বিভিন্ন জুলাই যোদ্ধা ফোরামের কার্যক্রমেও তারা অংশ নেবে।

এনসিপির ‘জুলাই জাগরণ’

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগান সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচির অংশ হিসেবে বুধবার রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের কবর জিয়ারত এবং ফ্যাসিবাদবিরোধী ছাত্রসংগঠনগুলোর সঙ্গে সংহতি সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ২ থেকে ৮ জুলাই পর্যন্ত দেশব্যাপী গ্রাফিতি অঙ্কন, দেয়াললিখন, ব্যানার-ফেস্টুন প্রদর্শন ও পদযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি চলবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button