ব্যারিস্টার ফুয়াদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন নাছির

বাংলা টিভি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) নিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের দেওয়া মন্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ ও ‘ইতিহাসের ভুল ব্যাখ্যা’ বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সঙ্গে তিনি ওই বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নাছির উদ্দীন নাছির লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয়টি ইতিহাসের সঠিক অবস্থানে ছিল বলে তিনি উল্লেখ করেন।
তার দাবি, এসব ঐতিহাসিক ঘটনাপ্রবাহে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের পক্ষে অবস্থান নিলেও কিছু রাজনৈতিক শক্তি, বিশেষ করে জামায়াতে ইসলামী, বিভিন্ন সময়ে এর বিপরীতে অবস্থান নিয়েছে—এমন মন্তব্যও তিনি করেন।
ছাত্রদল নেতা আরও বলেন, ব্যারিস্টার ফুয়াদের সাম্প্রতিক বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হিসেবে দেখা যায় এবং এটি ইতিহাসের একটি ভুল ব্যাখ্যা।
পোস্টের শেষাংশে তিনি ফুয়াদের প্রতি আহ্বান জানান, তার দেওয়া মন্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে।



