ভারতীয় ভিসাকেন্দ্রে দীর্ঘ সারি, ‘স্লট’ নিয়ে বড় ভোগান্তি

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এর সামনে সকাল থেকেই দেখা গেছে দীর্ঘ মানুষের সারি। হাতে আবেদনপত্র ও পাসপোর্ট নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অনেকেই ভিসা ‘স্লট’ পাওয়া নিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন। কেউ কেউ স্লট পেতে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে বলেও দাবি করেন।
রোববার (৫ জুলাই) সরেজমিনে যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টারে আবেদনকারীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
দেখা যায়, সকাল থেকেই শত শত মানুষ বিভিন্ন সেবার জন্য লাইনে অপেক্ষা করছেন। কেউ নতুন ভিসা আবেদন জমা দিতে, কেউ পাসপোর্ট সংগ্রহ করতে, আবার কেউ চিকিৎসা বা ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র জমা দিতে এসেছেন। আলাদা আলাদা সেবার জন্য পৃথক সারি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বৃদ্ধি পায়।
ভিসা নবায়নের জন্য আসা রাজধানীর বাংলামোটরের বাসিন্দা রবিন মিয়া জানান, তার ভিসার মেয়াদ ২৩ জুন শেষ হয়েছে। নতুন আবেদন করতে এসে সবচেয়ে বড় সমস্যা হিসেবে তিনি স্লট পাওয়া জটিলতাকে উল্লেখ করেন। তার অভিযোগ, যেখানে সাধারণ ভিসা ফি প্রায় ১,৫৩০ টাকা, সেখানে ডাবল এন্ট্রি স্লট পেতে ২৫ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে, যা স্বাভাবিক নয়।
তিনি আরও বলেন, আগে অনলাইনে আবেদন করে দ্রুত সময়ের মধ্যে জমা দেওয়া যেত। বর্তমানে স্লট ব্যবস্থার কারণে প্রক্রিয়াটি জটিল হয়ে পড়েছে। তিনি আগের পদ্ধতি ফিরিয়ে আনার আহ্বান জানান।
ময়মনসিংহের গফরগাঁও থেকে আসা ট্যুরিস্ট ভিসা আবেদনকারী মোহাম্মদ আরাফাত রহমান জানান, তিনি আগেও ভারতে গিয়েছেন, তবে এবার প্রক্রিয়াটি তুলনামূলকভাবে বেশি জটিল মনে হচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, গোপালগঞ্জের জয়ন্তী হালদার চিকিৎসার উদ্দেশ্যে প্রথমবার ভারতে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিতে আসেন। তিনি ছেলেকে নিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করলেও দিনের মধ্যেই কাজ শেষ করার আশা প্রকাশ করেন।
ভিসা সেন্টারের নিরাপত্তা ইনচার্জ মতিউর রহমান জানান, অন্যান্য দিনের তুলনায় আবেদনকারীর সংখ্যা কিছুটা বেশি ছিল। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভিড় বেশি থাকে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন এবং এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, ভারতীয় ভিসার আবেদন জমা দেওয়ার আগে অনলাইনে নির্ধারিত সময় ও তারিখের স্লট নিতে হয়। তবে আবেদনকারীদের বড় একটি অংশ স্লট পাওয়া এবং দীর্ঘ অপেক্ষাকে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করছেন।



