রাজনীতি

একই সময়ে পাল্টাপাল্টি মিছিল, নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াতের উত্তেজনা

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই সময়ে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৃথক মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে দুই দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে গেলেও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা থেকে প্রায় দেড় ঘণ্টা আড়াইহাজার বাজার এলাকায় এ পরিস্থিতি বিরাজ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জামায়াতে ইসলামী তাদের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে একটি মিছিল বের করে। একই সময় বিএনপির নেতাকর্মীরাও পৃথক একটি মিছিল নিয়ে বাজার এলাকায় আসেন। দুটি মিছিল কাছাকাছি পৌঁছালে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়।

জানা গেছে, বিএনপির মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুতফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া এবং সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ।

অন্যদিকে জামায়াতের মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির মুমিনুর হক সরকার, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা এবং আড়াইহাজার উত্তর শাখার আমির মাওলানা মনিরুল ইসলাম।

ঘটনা প্রসঙ্গে জামায়াত নেতা অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, তাদের কর্মসূচি আগে থেকেই নির্ধারিত ছিল। তার দাবি, বিএনপি তাদের কর্মসূচিতে বাধা দেওয়ার উদ্দেশ্যে মাঠে নেমেছিল। তবে তারা কোনো সংঘাতের পথে যাননি।

অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জামায়াতের অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপিও পূর্বঘোষিত কর্মসূচি পালন করছিল এবং তারা কোনো উসকানিতে সাড়া দেয়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আড়াইহাজার বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ সদস্যরা দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত রাখেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে এলাকা ত্যাগ করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button