গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি এনসিপির

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজারে প্রতীকী পদযাত্রা ও সমাবেশ করে গ্যাসের সংকট নিরসন এবং সম্ভাব্য মূল্যবৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচি থেকে দলটির নেতারা বলেন, গ্যাসের সংকট চলমান অবস্থায় দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে পেট্রোবাংলা ভবন অবরোধ করা হবে।
শনিবার (১ আগস্ট) বিকেলে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় ‘রাজধানীসহ দেশজুড়ে বাসাবাড়ি, শিল্পকারখানা ও পরিবহনে গ্যাসের সংকট ও মূল্যবৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে’ সমাবেশের আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা। সমাবেশ শেষে নেতাকর্মীরা প্রতীকী মার্চ করে পেট্রোবাংলা ভবনের সামনে যান।
সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে বিদ্যুৎ উৎপাদন খাতে ব্যবহৃত গ্যাসের দাম ৬৭ শতাংশ এবং সিএনজি খাতে ৫১ শতাংশ বাড়ানোর নীতিগত অনুমোদন চেয়েছে পেট্রোবাংলা। পাশাপাশি ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির বিতরণ চার্জ বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বিষয়টি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে পাঠানো হবে। এরপর গণশুনানির মাধ্যমে কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব অভিযোগ করেন, পেট্রোবাংলা ও তিতাসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো জনসেবার পরিবর্তে অনিয়ম ও দুর্নীতির কেন্দ্র হয়ে উঠেছে। তিনি আরও অভিযোগ করেন, এসব প্রতিষ্ঠানে নিয়োগ ও পদোন্নতি নিয়ে আর্থিক লেনদেন হয়।
গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা করা হলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে পেট্রোবাংলা ভবন অবরোধের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তার দাবি, গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত এ সংকটের সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে বক্তব্যে ঢাকা মহানগর উত্তর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল মনসুর বলেন, আগামী ১০ আগস্টের মধ্যে গ্যাসের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ না নিলে জনগণ গ্যাস অফিস ঘেরাও কর্মসূচি পালন করবে। একই সঙ্গে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন তিনি।



