‘যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন আওয়ামী লীগও থাকবে’

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশে জামায়াতে ইসলামী নামে রাজনীতি চলমান থাকলে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্বও থাকবে বলে মন্তব্য করেছেন কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। একই সঙ্গে তিনি ১৯৭২ সালের সংবিধান পরিবর্তন করে নতুন একটি গঠনতন্ত্র প্রণয়নের দাবি জানিয়েছেন।
রোববার (২ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘৩৬ জুলাইয়ের অবদান: বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
ফরহাদ মজহার বলেন, তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী নামে রাজনীতি যতদিন থাকবে, ততদিন আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্বও টিকে থাকবে। তিনি বলেন, ইসলাম দেশের মানুষের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের অংশ হলেও ধর্মের নাম ব্যবহার করে আলাদা রাজনৈতিক পরিচয় তৈরি করার বিষয়ে তার আপত্তি রয়েছে।
মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশ একটি স্বাধীন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করেছে। এই ঐতিহাসিক অর্জনের সঙ্গে কোনো ধরনের আপস করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
১৯৭২ সালের সংবিধান প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, বর্তমান কাঠামোর পরিবর্তে জনগণের সার্বভৌমত্বকে গুরুত্ব দিয়ে নতুন গঠনতন্ত্র তৈরি করা প্রয়োজন। তার মতে, রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো জনগণের ইচ্ছার ভিত্তিতেই নির্ধারিত হওয়া উচিত।
সংবিধানের সপ্তম অনুচ্ছেদের সমালোচনা করে তিনি বলেন, সেখানে জনগণকে রাষ্ট্রের মালিক বলা হলেও একই সঙ্গে সংবিধানকে এমন অবস্থানে রাখা হয়েছে, যা জনগণের সার্বভৌমত্বের ধারণার সঙ্গে সাংঘর্ষিক।
তিনি আরও বলেন, জনগণ কোনো সংবিধানের অধীন নয়; বরং জনগণই চাইলে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে পারে। সেই গঠনতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র, অর্থনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাত পরিচালনার মূলনীতি নির্ধারণ করা সম্ভব।



