রাজনীতি

আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো উল্লেখযোগ্য তৎপরতা চালানোর সক্ষমতা রাখে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দলটি মাঝেমধ্যে বিদেশ থেকে বিভিন্ন ধরনের তৎপরতার চেষ্টা করলেও বাস্তবে তাদের তেমন কোনো সক্ষমতা নেই।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ৫ আগস্টকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি উগ্রবাদী গোষ্ঠী বা অন্য কোনো পক্ষ নাশকতার চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ের আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দিলেও তিনি যাতে দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে জামিন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে একটি আইনজীবী প্রতিষ্ঠানও নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জুলাই গণআন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কর্মসূচি পালন করবে এবং এ বিষয়ে বৈঠকও আহ্বান করা হয়েছে।

এনসিপির কর্মসূচিতে হামলার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফর এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক ইতিবাচক হয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button