নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজে পোস্টারিং

বাংলা টিভি ডেস্ক: বিএনপির বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা কলেজ ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে পোস্টারিং করেছেন ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।
সোমবার (৩ আগস্ট) সকালে কলেজের প্রশাসনিক ভবন, প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব পোস্টার লাগানো হয়। পরে কলেজ প্রশাসনের উদ্যোগে পোস্টারগুলো অপসারণ করা হয়।
পোস্টারিংয়ে নেতৃত্ব দেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য (পদ স্থগিত) শেখ পারভেজ মোশাররফ। তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য সমাজে বিভাজন সৃষ্টি করছে এবং বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এ কারণেই প্রতীকীভাবে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে পোস্টারিং করা হয়েছে।
তিনি আরও বলেন, একটি নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির নিজস্ব রাজনৈতিক কর্মসূচি ও আদর্শ থাকা উচিত। তবে নাসীরুদ্দীন পাটওয়ারী যদি বিএনপিবিরোধী প্রচারণা অব্যাহত রাখেন, তাহলে জনগণই তার জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা কলেজে এলে তাদের পক্ষ থেকে কোনো কর্মসূচির পরিকল্পনা নেই এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পক্ষেই তারা অবস্থান করছেন।
অন্যদিকে, এ ঘটনার নিন্দা জানিয়ে জাতীয় ছাত্রশক্তি ঢাকা কলেজ শাখার সদস্যসচিব সজিব উদ্দিন বলেন, ঢাকা কলেজ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক সম্পত্তি নয়। তাই কাউকে অবাঞ্ছিত ঘোষণা করার এখতিয়ার কারও নেই। তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী যাতে বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ প্রকাশ করতে না পারেন, সে কারণেই এ ধরনের পোস্টারিং করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, কয়েকটি স্থানে পোস্টার লাগানোর বিষয়টি তিনি জেনেছেন। পরে কলেজ প্রশাসন সেগুলো সরিয়ে ফেলেছে। তিনি বলেন, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির ‘জুলাই মার্চ’ কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় এনসিপি স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সে সময় পাওয়া যায়নি।



