‘দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার’

বাংলা টিভি ডেস্ক: দেশে ফিরতে চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকার এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে এবং দেশে ফেরার পর একজন অভিযুক্ত হিসেবে শেখ হাসিনার সব আইনগত অধিকার নিশ্চিত করা হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান জানান, সরকার শুরু থেকেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর পাশাপাশি বিভিন্ন কূটনৈতিক পর্যায়েও বিষয়টি উত্থাপন করা হয়েছে। একই সঙ্গে ভারত অবস্থানকালে তার রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার বিষয়েও বাংলাদেশের পক্ষ থেকে অবহিত করা হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। এরপর আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিচার চলবে এবং অভিযুক্ত হিসেবে তার প্রাপ্য সব আইনগত অধিকার নিশ্চিত করা হবে। আদালত যে রায় দেবেন, সরকার তা মেনে নেবে।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়েও গণমাধ্যমকে সতর্ক করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি বলেন, তার বক্তব্য প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। আদালতের নির্দেশনা অমান্য করে কেউ তার বক্তব্য প্রচার বা প্রচারের ঘোষণা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



