রাজনীতি

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের জেরে ক্যাম্পাসছাড়া শিবির

বাংলা টিভি ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।

আহতদের মধ্যে রয়েছেন জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ, কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল ফারুক, জাতীয় ছাত্রশক্তির জবি শাখার সভাপতি শাহীন মিয়া এবং সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ। এছাড়া ছাত্রদলেরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। আহতদের কয়েকজনকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত সেমিনারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান মামুন আহমেদ এবং উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে জকসুর নেতাকর্মীরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করা, অস্থায়ী আবাসন, মেডিক্যাল সেন্টারের ল্যাব সুবিধা বৃদ্ধি এবং চিকিৎসক-টেকনিশিয়ান নিয়োগসহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির একপর্যায়ে সংঘর্ষ বাধে।

সেমিনার শেষ হওয়ার পর শহীদ মিনার এলাকায় ছাত্রদল এবং জকসু-জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়। পরে আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, হাসপাতালের সামনে অবস্থান নেওয়া ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়, যাতে তাদের কয়েকজন আহত হন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তার দাবি, জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যানকে বিব্রত করার উদ্দেশ্যে ছাত্রশিবির ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন। তাদের সরে যেতে বলা হলেও না সরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদলেরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

অন্যদিকে জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন মিয়া অভিযোগ করেন, সেমিনার শেষে শহীদ মিনারের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।

ঘটনার পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাস ত্যাগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button