রাজনীতি

‘ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে’

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও আধিপত্য বিস্তার ও হল দখলের চেষ্টা চলছে। তার দাবি, ছাত্রদল ও তাদের সহযোগীরা বিভিন্ন ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত ‘ফ্রম রেজিস্ট্যান্স টু ভিক্টরি: লেগ্যাসি অব জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ প্রতিনিধি ও জাতীয় ছাত্রশক্তির নেতাদের ওপর হামলা হয়েছে। পাশাপাশি ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া হবিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির কর্মী আলিফের ওপর হামলার ঘটনাও তুলে ধরেন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে না জড়ানোর আহ্বান জানান। শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনার সুযোগ নিশ্চিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তিনি। ক্ষমতার অপব্যবহারের পরিণতি সম্পর্কে সতর্ক করেও বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক।

বক্তব্যে জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকারও প্রশংসা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আন্দোলনের গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তবে তাদের সেই ভূমিকার যথাযথ স্বীকৃতি ও দলিল সংরক্ষণে সরকার কার্যকর উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পরিষদের সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বকর মজুমদারসহ সংগঠনটির বিভিন্ন নেতা।

সংশ্লিষ্ট খবর

Back to top button