রাজনীতি

‘৫৫ বছরেও শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা কেন করা হয়নি’

বাংলা টিভি ডেস্ক: স্বাধীনতার ৫৫ বছর পার হলেও শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রণয়ন না হওয়ায় প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং শহীদদের পরিবারের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার কয়েক দশক পেরিয়ে গেলেও শহীদ মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা তৈরি না হওয়া দুঃখজনক। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ এবং শহীদদের পরিবারকে যথাযথ স্বীকৃতি দিতে কার্যকর উদ্যোগ নেওয়া উচিত।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি দাবি করেন, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়া প্রতিশ্রুতি পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে। একই সঙ্গে একটি রাজনৈতিক মহল নিজেদের স্বার্থে নতুন বয়ান তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

জুলাই আন্দোলনে নিহত ও আহতদের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, গুরুতর আহত ব্যক্তিদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি গুম, হত্যা ও নির্যাতনের অভিযোগে বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি দায়ীদের দৃশ্যমান ও ন্যায়সঙ্গত বিচারের দাবি জানান।

গণভোটের বিষয়ে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের রায়ই সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত এবং জনগণের সিদ্ধান্তকে সম্মান জানানো প্রয়োজন।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের অবদান অস্বীকার বা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। একই সঙ্গে দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button