আন্তর্জাতিক

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বাংলা টিভি ডেস্ক: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) একটি স্মারক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতিসংঘের বিভিন্ন সদস্য রাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি ও কূটনীতিক, পাশাপাশি জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল জুলাই গণঅভ্যুত্থান। শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এই গণঅভ্যুত্থান জাতির ঐক্যবদ্ধ প্রত্যয় ও দৃঢ় সংকল্পের প্রতীক হয়ে থাকবে।

রাষ্ট্রদূত সরকারের ‘থ্রি আর’ কৌশল—রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এর মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা পুনর্গঠন এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক মূল্যবোধ, জাতিসংঘ সনদের নীতি ও বহুপাক্ষিক সহযোগিতার প্রতি তার অঙ্গীকার অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে আন্দোলনের পটভূমি, তাৎপর্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button