রাজনীতি

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ১৫ নেতার পদত্যাগ

বাংলা টিভি ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে একযোগে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৫ জন নেতা দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে উপজেলার কমলাপুর খন্দকার বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুকসুদপুর পৌরসভার কমলাপুর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি লুতফর রহমান মোল্লা। তিনি বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

লুতফর রহমান মোল্লা আরও জানান, এ সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সবার প্রতি তাদের সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য নেতারাও আওয়ামী লীগের সব সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ইকরাম ফকির, রিপন শেখ, এনজেহার মোল্লা, মিজন মোল্লা, হায়াত মোল্লা, লুকমান মোল্লা, আকরাম মোল্লা, আকাদ্দেস মোল্লা, ইমদাদ মোল্লা, নাসিমা খায়ের, আকরাম মোল্যা, হাবিবুর রহমান রাসেল, আইউব মুন্সী ও মন্টু মোল্লা। তারা সবাই মুকসুদপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button