রাজনীতি

বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ

বাংলা টিভি ডেস্ক: মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে মানহানি করার অভিযোগ তুলে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে তাকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা চালানো হচ্ছে। দীর্ঘদিন ধরে নানা অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কেউ কোনো প্রমাণ বা সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করতে পারেননি বলেও দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন অভিযোগ করেন, বিসিবির সদস্য হওয়ার জন্য তার কাছে তিন কোটি টাকা দাবি করা হয়েছিল। এ বক্তব্যের পর আসিফ মাহমুদের পক্ষ থেকে অভিযোগের প্রমাণ এবং কার কাছে, কীভাবে অর্থ দাবি করা হয়েছে—এসব তথ্য জানতে একাধিকবার যোগাযোগ করা হয় বলে পোস্টে দাবি করা হয়েছে।

আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী, বীথিকা বিনতে হোসাইন প্রমাণ দেওয়ার কথা বললেও পরে কোনো তথ্য দেননি। এ কারণে তার বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে দাবি করেছেন তিনি।

আইনি নোটিশে আগামী সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন অথবা বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়। অন্যথায় প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

পোস্টে আরও বলা হয়, অপপ্রচার ও মিথ্যাচারের বিরুদ্ধে এখন থেকে আইনি পথেই জবাব দেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button