স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ, ফেসবুক পোস্ট ভাইরাল

বাংলা টিভি ডেস্ক: জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গত ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামে একটি কনসার্টের আয়োজন করা হয়। মুনসুন কালচারাল অ্যালায়েন্স আয়োজিত ওই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সস্ত্রীক উপস্থিত ছিলেন।
কনসার্টে আসিফ মাহমুদের স্ত্রীর হাতে থাকা একটি ব্যাগের দাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে ব্যাগটির মূল্য ৫ থেকে ৬ লাখ টাকা বলে দাবি করা হয়।
আওয়ামীপন্থি অ্যাক্টিভিস্ট চিকিৎসক আইজুদ্দিন একটি ছবি পোস্ট করে দাবি করেন, আসিফ মাহমুদের স্ত্রীর হাতে থাকা ব্যাগটির দাম ৬ লাখ টাকা। একই ছবি পোস্ট করে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাংগঠনিক সম্পাদক আসিফ সৈকতও মন্তব্য করেন। পরে অবশ্য তিনি তার পোস্টটি সরিয়ে নেন।
তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের যাচাইয়ে উঠে আসে ভিন্ন তথ্য। তাদের দাবি অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ওই ব্যাগটির প্রকৃত মূল্য মাত্র ১ হাজার ৫৮০ টাকা।
এদিকে ব্যাগটির দাম নিয়ে ছড়িয়ে পড়া দাবির পর বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ নিজেই। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ব্যাগটি নিলামে তোলার ইচ্ছার কথা জানান।
আসিফ মাহমুদ লেখেন, ‘এখন ব্যাগটা নিলামে তুলতে চাই। বিএনপি এবং আওয়ামী লীগের যারা ৬ লাখ বলে গুজব ছড়িয়ে ছিলেন তাদের কেউ নিতে চাইলে আরও কমেই দিয়ে দেব। এভাবেই গুজব আর প্রোপাগান্ডায় চরিত্রহননের শিকার হচ্ছি নিয়মিত।’
অন্য একটি পোস্টে ব্যাগটির ছবি দিয়ে তিনি আরও লেখেন, ‘এই বিখ্যাত ব্যাগটি বিক্রয় করা হবে। ১৫৮০ টাকার ব্যাগ মাত্র ৬ লাখ টাকায়। বিশেষ দ্রষ্টব্য: গুজববাজদের জন্য থাকছে ৮০% ডিসকাউন্ট।’
ব্যাগের প্রকৃত মূল্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবির বিপরীতে আসিফ মাহমুদের এমন ব্যঙ্গাত্মক মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



