আন্তর্জাতিক

ইউক্রেনে ৫ লাখ সৈন্য পাঠানোর প্রস্তুতি রাশিয়ার, চালাতে পারে পারমাণবিক হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও তীব্র করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন করে প্রায় ৫ লাখ সেনা সমাবেশের পরিকল্পনা করছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, আগামী ২১ সেপ্টেম্বর রাশিয়ার দুমা নির্বাচন শেষ হওয়ার পর এ ধরনের পদক্ষেপ নিতে পারেন পুতিন। তবে বিষয়টি প্রকাশ্যে না এনে গোপনে সেনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হতে পারে বলেও তিনি দাবি করেন।

জেলেনস্কির মতে, পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই অল্প সময়ে বিপুলসংখ্যক সেনাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হলে রুশ বাহিনীর প্রাণহানি আরও বাড়তে পারে।

এদিকে ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার ভূখণ্ডে হামলা অব্যাহত থাকায় সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দীর্ঘস্থায়ী ও ক্ষয়িষ্ণু যুদ্ধ পরিস্থিতি রুশ প্রেসিডেন্টকে তার ‘সর্বশেষ বিকল্প’ হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে ঠেলে দিতে পারে। এ বিষয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তুরস্ক আলোচনা করেছে বলেও জানান তিনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই দূরপাল্লার হামলা বাড়িয়েছে। এতে বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশ গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন পাঁচজন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর অভিযান চালিয়ে তারা ৪৫৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। বিপরীতে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর হামলায় তাদের ভূখণ্ডে ১২৬টি ড্রোন নিক্ষেপ করেছে।

সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button