বুড়ো বয়সে ভীমরতি হয়েছে অলি আহমদের: ফজলুর রহমান

বাংলা টিভি ডেস্ক: কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের প্রার্থিতা নিয়ে কড়া সমালোচনা করেছেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অলি আহমদের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সমালোচনা করে বলেন, কিছু মানুষ পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পক্ষ পরিবর্তন করেন। তার মতে, বর্তমানে অলি আহমদকেও তিনি এমন অবস্থানে দেখতে পাচ্ছেন।
অলি আহমদের রাষ্ট্রপতি প্রার্থী হওয়া প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, বিষয়টি তিনি স্বাভাবিকভাবে দেখছেন না। তার দাবি, ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার মতো প্রয়োজনীয় ভোট নেই। জোটটির সর্বোচ্চ ভোট ৭৫ বা ৭৬ হতে পারে, যেখানে বিপরীতে রয়েছে ২২৫ ভোট।
এ কারণে অলি আহমদের প্রার্থী হওয়াকে তিনি রাজনৈতিকভাবে বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন। একইসঙ্গে তিনি অলি আহমদের মানসিক সক্ষমতা নিয়েও বিতর্কিত মন্তব্য করেন এবং বলেন, তাকে এখন আর মুক্তিযুদ্ধের পক্ষের কেউ মনে করেন না।
এদিকে বিএনপির পক্ষ থেকে দুজন মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে জানতে চাইলে ফজলুর রহমান বলেন, এ বিষয়ে মন্তব্য করার সময় এখনও আসেনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী এখন শুধু তারুণ্যের প্রতীক নন, বরং অভিজ্ঞতারও প্রতীক। দলের স্থায়ী কমিটি তার ওপর যে দায়িত্ব দিয়েছে, তিনি সঠিক সময়ে নির্ভুল ও সাহসী সিদ্ধান্ত নেবেন বলে আশা করেন।



