রাজনীতি

ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে মারা যান আরাফাত রহমান কোকো: রিজভী

বাংলা টিভি ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে’ আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে বনানীতে কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী অভিযোগ করেন, মুক্তিযোদ্ধা পরিবার হওয়ার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। তার দাবি, শেখ হাসিনা জিয়া পরিবারের দেশপ্রেম ও জনপ্রিয়তা মেনে নিতে পারেননি এবং এ কারণে পরিবারটির ওপর নানা ধরনের নির্যাতন ও হয়রানি চালানো হয়েছে।

জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ভূমিকা ও স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, জিয়াউর রহমান একজন বরেণ্য মুক্তিযোদ্ধা ছিলেন। তার স্ত্রী বেগম খালেদা জিয়াও মুক্তিযুদ্ধের সময় বন্দিত্বের মধ্যে ছিলেন বলে উল্লেখ করেন তিনি। রিজভীর অভিযোগ, এই পরিবারের সদস্যদের রাজনৈতিকভাবে দমন করতে তৎকালীন সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের জনপ্রিয়তা ও দেশপ্রেমের কারণে শেখ হাসিনা তাকে ও তার পরিবারকে রাজনৈতিকভাবে সহ্য করতে পারেননি। তারেক রহমানকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল বলেও অভিযোগ করেন রিজভী। পরে চিকিৎসার জন্য তিনি লন্ডনে চলে যান বলে জানান তিনি।

রিজভী দাবি করেন, বর্তমানে শেখ হাসিনা জনগণের আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ভাষ্য অনুযায়ী, ক্ষমতা গ্রহণের পর থেকেই বর্তমান সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।

এ সময় আরাফাত রহমান কোকোর ক্রীড়া সংগঠক হিসেবে অবদানের কথাও স্মরণ করেন রিজভী। তিনি বলেন, কোকো এমন একটি ক্রীড়া ব্যবস্থা গড়ে তোলার পক্ষে ছিলেন, যেখানে খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে ক্রীড়াবিদরা জীবন-জীবিকা পরিচালনা করতে পারবেন।

রিজভী আশা প্রকাশ করেন, কোকোর ক্রীড়া-সংক্রান্ত যে স্বপ্ন ও পরিকল্পনা ছিল, বর্তমান সরকার সেগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে। এসব কাজ সম্পন্ন হলে আরাফাত রহমান কোকোর আত্মা শান্তি পাবে বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button