মারের জবাব দিচ্ছি না বলে আমাদের কি শক্তি নাই: শিবির সভাপতি

বাংলা টিভি ডেস্ক: ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর মধ্যে পেশিশক্তি প্রদর্শনের বদলে মেধা, যোগ্যতা ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিযোগিতা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
বুধবার (১২ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, শক্তি থাকা মানেই সবসময় তা প্রদর্শন করতে হবে—এমনটি নয়। জুলাইয়ের পর দেশের ক্যাম্পাসগুলোতে মেধাচর্চা ও ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা প্রয়োজন। ছাত্রসংগঠনগুলোর প্রতিযোগিতা হলে সেটি বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
ক্যাম্পাসে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে শিবির সভাপতি বলেন, ছাত্রসংগঠনগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকা স্বাভাবিক। তবে শিক্ষার্থীদের কল্যাণ ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে সেই প্রতিযোগিতা হওয়া উচিত। পেশিশক্তি ব্যবহার করে নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা ছাত্ররাজনীতির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় হামলার শিকার হলেও এখন পর্যন্ত তারা পাল্টা হামলার পথ বেছে নেননি। তবে এর অর্থ এই নয় যে তাদের কোনো শক্তি নেই। বরং শক্তি থাকার পরও তা সবসময় প্রদর্শন না করাই দায়িত্বশীলতার পরিচয় বলে মন্তব্য করেন তিনি।
জুলাই-পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররাজনীতির ধরনেও পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সাদ্দাম। তার মতে, ছাত্রসংগঠনগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহ দেওয়া, ক্যারিয়ার গঠনে সহায়তা করা এবং সামাজিক সচেতনতা বাড়ানো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির। সঞ্চালনা করেন শাখাটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আতিয়ার রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, নবীন শিক্ষার্থী এবং শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



