আন্তর্জাতিকইন্ডিয়া

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

বাংলা টিভি ডেস্ক: এক পাইলটের গাঁজা সেবনের বিষয়টি পরীক্ষায় ধরা পড়ার পর এয়ার ইন্ডিয়ার সব পাইলটের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে। এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে সংশ্লিষ্ট সব স্টাফকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

সম্প্রতি থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝআকাশে হঠাৎ করে কিছুটা নিচে নেমে যাওয়ার পর পাইলটের মাদক গ্রহণের বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে ওই পাইলটের দুই দফা পরীক্ষা করা হলে গাঁজা সেবনের প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ঘটনাটি ঘটে গত ৪ আগস্ট এয়ার ইন্ডিয়ার এএল-২৩৭৯ ফ্লাইটে। বিমানটিতে ১৩৭ জন যাত্রী ও আটজন কেবিন ক্রু ছিলেন। ওড়িশার আকাশে থাকা অবস্থায় বিমানটি আকস্মিকভাবে প্রায় ৩০০ ফুট নিচে নেমে গেলে অন্তত ২০ জন যাত্রী ও চারজন ক্রু আহত হন।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় প্রধান পাইলট সুদ্বীপ বাসিস্তা নিজের আসনে ছিলেন না। সে সময় কো-পাইলট বিমানটি পরিচালনা করছিলেন। এদিকে প্রধান পাইলট কেবিনে গিয়ে আহত যাত্রীদের খোঁজ নেন এবং তাদের বিমানটির কোনো ছবি বা ভিডিও না করার অনুরোধ করেন বলে জানা গেছে।

দিল্লিতে বিমান অবতরণের পর ওই পাইলটকে শারীরিকভাবে কিছুটা ভারসাম্যহীন অবস্থায় দেখা যায়। নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে তার সমস্যা হচ্ছিল এবং বসার সময়ও অন্যদের সহায়তা নিতে হয়। প্রস্রাবের নমুনা দেওয়ার জন্য নেওয়ার সময়ও তাকে সহায়তা করতে হয়েছিল বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

তবে ওই সময় পাইলট সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছিলেন, ঘুমের সমস্যা হওয়ায় তিনি ঘুমের ওষুধ সেবন করেছিলেন।

ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত ও পরীক্ষার মাধ্যমে গাঁজা সেবনের তথ্য সামনে আসায় এখন থেকে এয়ার ইন্ডিয়ার সব পাইলটকে ডোপ টেস্টের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button